
পায়ুপথে রক্তক্ষরন বা মলদ্বারে রক্ত যাওয়া মানেই কি পাইলস?
উত্তর হল- না। পাইলস হল মলদ্বারের রক্ত যাওয়ার একটি সাধারন কারন মাত্র।
পাইলস ছাড়াও পায়ুপথে রক্তক্ষরন বা মলদ্বারে রক্ত যাওয়ার অন্যতম প্রধান কারনগুলো হলঃ
১। এনাল ফিশার,
২। রেকটাল বা কোলনিক পলিপ,
৩। ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ (আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস ডিজিজ ইত্যাদি),
৪। এনাল ফিস্টুলা,
৫। রেক্টাল বা কোলন ক্যান্সার।

পাইলস মলদ্বারের খুবই সাধারন একটি অসুখ। সঠিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া হলে বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন ছাড়াই পাইলস ভাল হয়।
আমাদের দেশের অধিকাংশ মানুষের একটি সাধারন ধারনা হচ্ছে মলদ্বারে রক্ত যাওয়া মানেই পাইলস। এ কারনে রোগীরা পুরাতন, জরাজীর্ন সংস্কারের বশবর্তী হয়ে স্ব-চিকিৎসা অথবা “বিনা অপারেশনে পাইলসের চিকিৎসা” – এ ধরনের বিজ্ঞাপন দেখে হাতুড়ে চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। এক্ষেত্রে পায়খানার রাস্তা পরীক্ষা না করে পাইলসের ওষুধ দেয়া অপরাধের শামিল। যদি রক্ত যাওয়ার কারনটি ক্যান্সার হয়ে থাকে তাহলে রোগীর অজান্তে ক্যান্সার বাড়তে থাকে। পাইলসের চিকিৎসা ত নিচ্ছেন-ই এই ভেবে রোগী নিশ্চিন্ত থাকেন। পরবর্তীতে ক্যান্সার ধরা পড়লে চিকিৎসার সুযোগ অনেকখানি কমে যায়। এমনটি আমাদের দেশে প্রায়ই ঘটে। মলদ্বারের ক্যান্সার বর্তমানে দূরারোগ্য ব্যাধি নয়। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এবং সঠিক চিকিৎসা নিলে বেশিরভাগ রোগী ভাল হয়।
তাই সবার প্রতি অনুরোধ, মলদ্বারে রক্ত গেলে বা অন্য কোন উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরনাপন্ন হোন।